ফরিদপুরের সদরপুরে নিজ দোকানে সাপের ছোবলের পর আহত হয়ে জীবন্ত গোখরা সাপসহ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন রিপন শিকদার (৩৫) নামে এক যুবক। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাগ গ্রামের নিজের মুদি দোকানে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নিজ দোকানের একটি পাত্রে হাত দেওয়ার সময় ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে সাপটি ধরে ফেলে। পরে স্থানীয়দের সহায়তায় রিপন সাপসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন।
চিকিৎসা ও বর্তমান অবস্থা
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত রিপনকে দ্রুত সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এফতেখার জানান, সময়মতো হাসপাতালে আনার কারণে তার অবস্থা এখন স্থিতিশীল। তবে পরবর্তী কয়েক ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
রিপন শিকদার বলেন, সাপে ছোবল দেওয়ার পর আশপাশের লোকজনের সহায়তায় সাপটি ধরা হয়। পরে স্থানীয়দের সহায়তায় সাপসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি। তিনি আরও জানান, দোকানের পাত্রে হাত দেওয়ার আগে কোনো সাপ দেখতে পাননি। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।



