হাম প্রতিরোধে বাংলাদেশকে এক লাখ ৭৫ হাজার ইউরো মানবিক সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই অর্থায়নের মাধ্যমে দেশের আটটি বিভাগের জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
কোন কোন বিভাগ পাবে সহায়তা?
ইইউর দেওয়া এই তহবিল বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জনগোষ্ঠীর জন্য বরাদ্দ করা হয়েছে। এই অঞ্চলগুলোতে হামের সংক্রমণ রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
কীভাবে ব্যয় হবে অর্থ?
বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে ইইউ জানায়, এই অর্থ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পরিচালিত হবে। এর মাধ্যমে টিকাদান অভিযান অব্যাহত রাখা এবং হাইজিন কিট বিতরণসহ অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নগদ সহায়তাও দেওয়া হবে, যা চিকিৎসা কেন্দ্রে যাতায়াত খরচ ও চিকিৎসাজনিত কারণে আয়হীনতার ক্ষতি পূরণে ব্যবহৃত হবে।
ইইউর বড় পরিকল্পনার অংশ
বিবৃতিতে আরও বলা হয়, এই তহবিল ইইউর বিস্তৃত পরিকল্পনার অংশ। এটি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি ফান্ডে (ডিআরইএফ) ইইউর বড় অবদানের অন্তর্ভুক্ত।



