বাংলাদেশে হাম পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ
বাংলাদেশে হাম পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

বাংলাদেশে হাম পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি এই পরিস্থিতিকে জাতীয়ভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে ডব্লিউএইচও জানায়, দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিপুল সংখ্যক শিশু আক্রান্ত হয়েছে এবং টিকাদানের অভাবে রোগ প্রতিরোধ সক্ষমতায় ঘাটতি দেখা দিয়েছে। হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে।

পরিস্থিতির বিবরণ

গত ৪ এপ্রিল বাংলাদেশের জাতীয় আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি (আইএইচআর) ফোকাল পয়েন্ট ডব্লিউএইচওকে জানায়, দেশে হাম রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশের ভেতরে চলমান সংক্রমণের কারণে এই বৃদ্ধি ঘটেছে। জানুয়ারি থেকেই হাম রোগীর সংখ্যা স্পষ্টভাবে বাড়তে দেখা যাচ্ছে। ডব্লিউএইচওর সাবেক পরামর্শক ও জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, ‘সংক্রমণ পরিস্থিতি বাড়তে থাকায় আমরা বলেছিলাম, হামকে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করা হোক। এখন সরকারের উচিত জরুরি পরিস্থিতি ঘোষণা করা এবং টিকাদান এগিয়ে নিয়ে যাওয়া।’

সংক্রমণ ও মৃত্যুর তথ্য

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ১৬১ সন্দেহভাজন হাম রোগীর তথ্য পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষা করে নিশ্চিত রোগী পাওয়া গেছে ২ হাজার ৮৯৭ জন। তবে পরিস্থিতির বিস্তারিত বিবরণে পরীক্ষাগারে নিশ্চিত রোগীর সংখ্যা ২ হাজার ৯৭৩ উল্লেখ করা হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে ১৬৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার (সিএফআর) ০ দশমিক ৯ শতাংশ। পরীক্ষাগারে নিশ্চিত হাম-সম্পর্কিত মৃত্যু হয়েছে ৩০ জনের, যেখানে মৃত্যুহার ১ দশমিক ১ শতাংশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে ভর্তি ও শিশুদের অবস্থা

এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩১৮ জন। হাসপাতাল থেকে ৯ হাজার ৭৭২ জন ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালে যাওয়া রোগীদের বেশির ভাগই পাঁচ বছরের কম বয়সী শিশু, যা ৭৯ শতাংশ। এর মধ্যে দুই বছরের কম বয়সী শিশু ৬৬ শতাংশ এবং ৯ মাসের কম বয়সী শিশু ৩৩ শতাংশ। মোট ১৬৬ শিশুর সন্দেহভাজন মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যারা প্রধানত টিকা না পাওয়া দুই বছরের কম বয়সী শিশু।

অঞ্চলভিত্তিক প্রভাব

হাম রোগীর সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে ঢাকা বিভাগে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায়। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।