পাঁচ সেকেন্ডের নিয়ম: একটি জনপ্রিয় ভুল ধারণা
অনেকের ধারণা, মেঝেতে খাবার পড়ে গেলে পাঁচ সেকেন্ডের মধ্যে তুলে নিলে তা খাওয়া নিরাপদ। এই পাঁচ সেকেন্ডের নিয়মটি বিশ্বজুড়ে পরিচিত, কিন্তু বিজ্ঞান ও গবেষণা এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। নিয়মটির মূল ব্যাখ্যা হলো, নোংরা জায়গায় খাবার পড়লে জীবাণু ছড়াতে কিছু সময় লাগে, তাই দ্রুত তুলে নিলে ঝুঁকি কম। তবে বাস্তবতা ভিন্ন।
গবেষণায় যা উঠে এসেছে
যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির গবেষকরা এই বিষয়ে পরীক্ষা চালিয়ে চমকপ্রদ তথ্য পেয়েছেন। তাদের গবেষণা অনুযায়ী, মেঝেতে পড়া খাবারে জীবাণু ছড়ানো নির্ভর করে তিনটি মূল বিষয়ের ওপর:
- খাবারের আর্দ্রতা: ভেজা খাবার, যেমন তরমুজ, শুকনা খাবারের চেয়ে দ্রুত জীবাণু আকর্ষণ করে।
- মেঝের ধরন: টাইলস বা স্টিলের মেঝে থেকে জীবাণু সহজে খাবারে সংক্রমিত হয়, অন্যদিকে কার্পেটে এই হার কম।
- সময়: পাঁচ সেকেন্ড তো দূরের কথা, গবেষণায় দেখা গেছে, এক সেকেন্ডের কম সময়েও ব্যাকটেরিয়া খাবারে চলে আসতে পারে।
এই ফলাফল স্পষ্ট করে, পাঁচ সেকেন্ডের নিয়মটি আদতে একটি ভ্রান্ত ধারণা। খাবার মেঝেতে পড়ার সাথে সাথেই জীবাণু সংক্রমণের ঝুঁকি তৈরি হয়।
কে বেশি ঝুঁকিতে?
সুস্থ প্রাপ্তবয়স্কদের রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলকভাবে বেশি হওয়ায় তারা হয়তো বড় সমস্যায় পড়বেন না। কিন্তু কিছু গোষ্ঠীর জন্য এই ঝুঁকি মারাত্মক হতে পারে:
- বয়স্ক ব্যক্তি
- ছোট শিশু
- অন্তঃসত্ত্বা নারী
- যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল বা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন
এই ব্যক্তিদের মেঝেতে পড়া খাবার এড়িয়ে চলা উচিত, কারণ তাদের শরীরে জীবাণু দ্রুত আক্রমণ করতে পারে এবং গুরুতর অসুস্থতা সৃষ্টি করতে পারে।
নোংরা খাবারের বিপদ
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রের তথ্য অনুসারে, খাদ্যজনিত রোগে প্রতি বছর কেবল যুক্তরাষ্ট্রেই প্রায় ৭ কোটি ৬০ লাখ মানুষ অসুস্থ হয়। এর মধ্যে ৩ লাখ ২৫ হাজার হাসপাতালে ভর্তি হয় এবং ৫ হাজার মানুষের মৃত্যু ঘটে। উন্নত দেশে এই পরিসংখ্যান উদ্বেগজনক হলে, বাংলাদেশের মতো দেশে ঝুঁকি আরও বেশি হতে পারে।
সতর্কতা ও পরামর্শ
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, মেঝেতে পড়া খাবার খাওয়ার ব্যাপারে সামান্য সন্দেহ থাকলেই ঝুঁকি না নেওয়া উচিত। আমাদের চারপাশে অদৃশ্য ব্যাকটেরিয়া ও জীবাণু ছড়িয়ে আছে, যা খালি চোখে দেখা যায় না। খাবারের ধরন ও মেঝের অবস্থানের ওপর ঝুঁকি নির্ভর করলেও, নিরাপদ থাকতে হলে সতর্কতা জরুরি।
সর্বোপরি, পাঁচ সেকেন্ডের নিয়মকে বিশ্বাস না করে, স্বাস্থ্য সুরক্ষার জন্য মেঝেতে পড়া খাবার ফেলে দেওয়াই বুদ্ধিমানের কাজ। পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সচেতনতা এই ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।



