সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ
সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণে ১২ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাটে অবস্থিত জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের পরিচয়

দগ্ধরা হলেন- নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ

দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা সহকর্মীরা জানান, বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে নিজস্ব ক্যানটিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যানটিনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, ক্যানটিনের গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসক ও ফায়ার সার্ভিসের বক্তব্য

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছেন। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘এ ঘটনায় ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গেছে। সেখানে যাওয়ার পর বিস্তারিত বলতে পারবো।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ