আওয়ামী লীগ শাসনামলে ডেটা টেম্পারিংয়ের মাধ্যমে টিকাদানের মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। বুধবার (১৩ মে) হামের টিকাদান বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
ডেটা টেম্পারিংয়ের অভিযোগ
জিয়াউদ্দিন হায়দার বলেন, আওয়ামী লীগ সরকার ডেটা টেম্পারিংয়ে ওস্তাদ ছিল। ২০২০ সালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের তথ্য সত্য নয়। উল্টো টিকার আওতার বাইরে ছিল অনেক শিশু। তিনি আরও বলেন, বিএনপি সরকার স্বাস্থ্যে বড় ধরনের বরাদ্দ দেবে। স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছে সরকার।
স্বাস্থ্য খাতে বাজেট পরিকল্পনা
স্বাস্থ্য খাতের বাজেট সাংঘাতিক অপ্রতুল ছিল উল্লেখ করে তিনি জানান, জিডিপির অন্তত ১ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ করার পরিকল্পনা আছে বর্তমান সরকারের।
হাম সংক্রমণ কমছে
ব্রিফিংয়ে হামের সংক্রমণ কমে আসছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, শুরুতে টিকা দেয়া উপজেলাগুলোতে সংক্রমণ কমে এসেছে। লক্ষ্যের ৯৫ শতাংশ সফল হয়েছে ইতোমধ্যে। তবে হামের পর নিউমোনিয়ায় মৃত্যু রোধে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।



