দেশে উচ্চ রক্তচাপের প্রকোপ দিন দিন বাড়ছে। এ অবস্থায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে বুধবার (১৩ মে) রাজধানীর বিএমএ ভবনে ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
উচ্চ রক্তচাপ দিবসের প্রতিপাদ্য
প্রতি বছর ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার’।
বিবিএস জরিপে শীর্ষে উচ্চ রক্তচাপ
সভায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ।
টেকসই অর্থায়নের অভাবে ওষুধ সরবরাহে সংকট
টেকসই অর্থায়নের অভাবে সবার জন্য বিনামূল্যে ওষুধ প্রদানের সরকারি সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। ফলে বাড়ছে উচ্চ রক্তচাপের প্রকোপ। এ পরিস্থিতিতে আসন্ন বাজেটে এ খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের মাধ্যমে নিয়ন্ত্রণের ওপর জোর দেন বিশেষজ্ঞরা।
মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগে
সভায় আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেছে, যার ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। বিশ্বে প্রতিবছর ১ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপের কারণে মারা যায়, যা সব সংক্রামক রোগে মোট মৃত্যুর চেয়েও বেশি।
তৃণমূলে ওষুধ সরবরাহে ঘাটতি
বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে বিনামূল্যে ওষুধ প্রদানের প্রক্রিয়া শুরু হলেও পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে দেশের সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালকের বক্তব্য
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাজেট বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বরাদ্দ করা বাজেটের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করাও জরুরি।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের মত
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. খোরশেদ আলম, এনডিসি বলেন, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিরবিচ্ছিন্ন করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞের অভিমত
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, তৃণমূল পর্যায়ে সবার জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত হলে উচ্চ রক্তচাপ ও উচ্চ রক্তচাপজনিত রোগ ও মৃত্যুহার কমবে।
গবেষণাভিত্তিক প্রতিকারের ওপর জোর
ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা বলেন, গবেষণাভিত্তিক প্রতিকার ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করলে উচ্চ রক্তচাপ কার্যকরভাবে নিয়ন্ত্রণ সম্ভব হবে।
গণমাধ্যমের ভূমিকা
চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি ও নীতিনির্ধারকদের কার্যকর ভূমিকা পালনে উৎসাহিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
টেকসই অর্থায়নকে বিনিয়োগ হিসেবে দেখা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নকে কার্যকর বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।
সভায় আরও বক্তব্য
চ্যানেল আই-এর চিফ নিউজ এডিটর মীর মাশরুর জামান রনির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার ডা. গীতা রানী দেবী, বারডেম জেনারেল হাসপাতালের চিফ নিউট্রিশনিস্ট শামসুন্নাহার নাহিদ ও প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।
অনুষ্ঠানে মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। সভাপতিত্ব করেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস।



