রাজশাহীতে মদপান করে অসুস্থ হয়ে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। তার নাম জাহিদ হাসান অলি (২০)। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ঘটনার বিবরণ
জাহিদ কয়েকজনের সঙ্গে নগরীর বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় থাকতেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে মারা যান।
পুলিশের বক্তব্য
আরএমপির বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, জাহিদ নিয়মিত মদপান করতেন না। শখের বসে দুই দিন আগে বন্ধুদের সঙ্গে মদপান করেন। তারপর থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তি হননি এই ভয়ে যে মদপানের বিষয়টি বাবা-মা জেনে যাবেন। বুধবার ভোররাতে শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে হাসপাতালে ভর্তি করেন বন্ধুরা। এরপরই মৃত্যু হয়।
ওসি বলেন, জহিদকে হাসপাতালে ভর্তির সময় চিকিৎসককে মদপানের বিষয়টি জানানো হয়েছে। তার মৃত্যু সনদে অ্যালকোহলের বিষক্রিয়া লেখা আছে। এ ব্যাপারে পরিবারের কোনও অভিযোগ নেই। তারা মামলা করতে চাননি। মরদেহের ময়নাতদন্ত করাতেও চাননি। ময়নাতদন্ত ছাড়াই তারা মরদেহ নিয়ে গেছেন।



