দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গেছে তিন শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে চারজন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের পরিসংখ্যান
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯৮টি শিশুর। গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১৭২ শিশু। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু।
বিভাগভিত্তিক মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। হামের উপসর্গ নিয়ে বাকি এক শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।
উপসর্গ ও হাসপাতালে ভর্তি
অধিদপ্তর বলছে, এ সময় সারা দেশে মোট ১ হাজার ২১৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৮৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৩৬৩ জনই ঢাকা বিভাগের। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৭৯৯ শিশু, এর মধ্যে ঢাকা বিভাগের রয়েছে ৩৭৩ জন।
১৫ মার্চ থেকে সামগ্রিক চিত্র
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৫৪৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ১৯ হাজার ৭০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৬ হাজার ৫২৭ জন।



