শিশু হেমাটোলজি ও অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইপনা সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সোসাইটির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হন একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী সামছুল হক কিবরীয়া। সভায় প্রায় ৪০ জন শিশু হেমাটোলজি ও অনকোলজি বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ও সভাপতি
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর এবং শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. আবদুল মান্নান। সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. আফিকুল ইসলাম।
সভায় আলোচিত বিষয়
সভায় সোসাইটির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশে শিশু ক্যান্সার ও রক্তরোগ চিকিৎসার মানোন্নয়নে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম এবং অধ্যাপক ডা. জোহরা জামিলা খান নবনির্বাচিত কমিটির সব সদস্যকে অভিনন্দন জানান।



