কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য রোববার (২৮ জুন) ছিল স্বপ্নপূরণের দিন। প্রথমবারের মতো বাংলাদেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পান তারা।
শিক্ষা সফরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান
উপজেলার ঐতিহ্যবাহী চারটি শিক্ষা প্রতিষ্ঠান—নীলকান্ত সরকারি কলেজ, শাহ শরীফ ডিগ্রি কলেজ, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ এবং মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষা সফরে অংশ নেন। এ পরিদর্শন শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় ও আবেগঘন অভিজ্ঞতায় পরিণত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়
সফরের অন্যতম আকর্ষণ ছিল সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার প্রতি সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিজ হাতে সেলফিও তোলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ স্মরণীয় মুহূর্ত ধারণ করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং এটিকে সংসদ পরিদর্শনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ছবি তোলার সুযোগ পেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ যেন দ্বিগুণ বেড়ে যায়।
সংসদ ভবনের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন
সংসদ ভবনে পৌঁছে তারা প্রথমে এলডি হল, সংসদের উত্তর ও দক্ষিণ প্লাজা, মনোরম ক্রিসেন্ট লেক, জাতীয় সংসদের অধিবেশন কক্ষ এবং সমৃদ্ধ সংসদ গ্রন্থাগার (লাইব্রেরি) পরিদর্শন করেন। পরে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তারা মনোহরগঞ্জের কৃতী সন্তান জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। তাঁর আমন্ত্রণে প্রতিনিধিদল মধ্যাহ্নভোজেও অংশগ্রহণ করে।
শুভেচ্ছা বিনিময় ও ব্রিফিং
এরপর পরিদর্শনের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত ‘শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি। সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ ছাড়া ব্রিফিং সেশনে অংশ নিয়ে তারা সংসদ ভবনের স্থাপত্যশৈলী, ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
শিক্ষার্থীদের অনুভূতি
পরিদর্শনকালে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী স্মৃতি রানী দেবনাথ ও মো. রনি তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “জীবনে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শন করলাম। বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। এই অভিজ্ঞতা আমরা কখনো ভুলতে পারব না। প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবারের সন্তানদের জন্য এ সফর ভবিষ্যৎ জীবনে দেশ ও রাষ্ট্র সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি করবে এবং বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে।”
অধ্যক্ষের প্রতিক্রিয়া
মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজসহ চারটি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের দিনব্যাপী জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পাওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, অতীতে এমন সুযোগ কখনো হয়নি। সংসদ অধিবেশন চলাকালে এ পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীরা গৌরবান্বিত বোধ করছেন। এমন একটি ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপিসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
সংসদ অধিবেশন দেখা
সবশেষে শিক্ষার্থীরা সরাসরি সংসদের অধিবেশন দেখার সুযোগ পান। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্য এবং সংসদ সদস্যদের সরাসরি দেখার সুযোগ পায় মনোহরগঞ্জের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদল।
প্রতিনিধি দলের ভাষ্য, এটি মনোহরগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীদের ইতিহাসে অন্যতম বিরল ও সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা। পরিদর্শন শেষে তারা জাতীয় সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।



