শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজার ৩০০ প্রাথমিক শিক্ষকদের নিয়োগ তড়িঘড়ি করে করা হয়েছে। বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়ার পরও আমরা পজেটিভলি চিন্তা করেছি। এবং যোগদানের কিছু শর্ত দিয়ে তাদের যোগদান করাবো।
শর্তসাপেক্ষে যোগদান
শুক্রবার (১ মে) বিকালে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাকরির বিধিমালায় যে শর্তগুলো রয়েছে সেগুলো দিয়েই সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের যোগদান করানো হবে বলেও জানান মন্ত্রী।
এমপিওভুক্ত শিক্ষকদের ট্রান্সপার
শিক্ষামন্ত্রী আরও বলেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ট্রান্সপার শিগগিরই চালু করা হবে। সবকিছু রেডি, এখন কমিটিগুলো হচ্ছে। তারপর শিগগিরই ট্রান্সপার শুরু করা হবে।
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফলাফল
আয়োজিত খেলায় বালকদের মধ্যে ফাইনালে কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয় ও রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্দিষ্ট সময়ে এক-এক গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে জয়লাভ করে কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয়। এছাড়া বালিকাদের মধ্যে ১-০ গোলে সিলাস্থান প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বিজয়ী হয়।
পুরস্কার বিতরণ ও উপস্থিত ব্যক্তিবর্গ
মন্ত্রী পরে স্ত্রী নাজমুন নাহার বেবী ও কন্যা তানজিনা নাহার হককে নিয়ে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, উপজেলা শিক্ষা অফিসার শাহিনা আক্তার, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর প্রধানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।



