শিক্ষার্থীদের জন্য বাজেট বোঝার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা
শিক্ষার্থীদের জন্য বাজেট বোঝার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা

প্রতিবছর জুন এলেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে একটি শব্দ সবচেয়ে বেশি উচ্চারিত হয়—বাজেট। টেলিভিশনের টক শো, সংবাদপত্রের বিশ্লেষণ, সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গাতেই বাজেট নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীর কাছে বাজেট যেন দূরের কোনো বিষয়। অনেকের ধারণা, এটি ব্যবসায়ী, করদাতা, চাকরিজীবী কিংবা অর্থনীতিবিদদের আলোচনার বিষয়; একজন শিক্ষার্থীর জীবনে এর প্রভাব খুবই সীমিত।

বাস্তবতা ঠিক উল্টো। বাজেট কেবল সরকারের আয়–ব্যয়ের হিসাব নয়; এটি একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রাধিকারের প্রতিফলন। আগামী দিনে রাষ্ট্র কোন খাতে বিনিয়োগ করবে, কোন খাতে ব্যয় কমাবে, কারা বেশি সুবিধা পাবে এবং কারা তুলনামূলকভাবে পিছিয়ে থাকবে—এসব সিদ্ধান্তের রূপরেখা বাজেটেই নির্ধারিত হয়। আর যেহেতু আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের শ্রমশক্তি, উদ্যোক্তা, গবেষক ও নীতিনির্ধারক, তাই বাজেট সম্পর্কে সচেতন হওয়া তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাজেট: সরকারের অগ্রাধিকারের আয়না

শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো, কৃষি কিংবা জলবায়ু পরিবর্তন—কোন খাতকে সরকার কতটা গুরুত্ব দিচ্ছে, তা বাজেটের বরাদ্দ বিশ্লেষণ করলেই বোঝা যায়। শিক্ষার্থীরা যখন এই বরাদ্দগুলোর দিকে নজর দেন, তখন তাঁরা শুধু সংখ্যাই দেখেন না; তাঁরা রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনাও বুঝতে শেখেন। এটি তাঁদের সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শ্রেণিকক্ষের তত্ত্বের বাস্তব প্রয়োগ

অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান কিংবা ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা কর, সরকারি ব্যয়, ঋণ ব্যবস্থাপনা কিংবা উন্নয়ন অর্থনীতির নানা তত্ত্ব পড়েন। বাজেট সেই তত্ত্বগুলোর বাস্তব প্রয়োগ দেখার সুযোগ করে দেয়। রাষ্ট্র কীভাবে রাজস্ব সংগ্রহ করে, কেন কর বাড়ানো বা কমানো হয়, কেন সরকার ঋণ নেয় এবং সেই অর্থ কোথায় ব্যয় করে—এসব প্রশ্নের উত্তর বাজেটের মধ্যেই নিহিত থাকে। এক অর্থে পরিবারের মাসিক বাজেট বোঝার মতোই রাষ্ট্রের বাজেট বোঝাও আর্থিক সাক্ষরতার একটি গুরুত্বপূর্ণ অংশ।

আমরা প্রায়ই শুনি, এবারের বাজেট আগের বছরের তুলনায় বড় হয়েছে বা জিডিপির কত শতাংশ সমপরিমাণ বাজেট দেওয়া হয়েছে। কিন্তু একজন সচেতন শিক্ষার্থীকে আরও গভীরে যেতে হবে। প্রশ্ন হলো, বাজেটের অর্থ কোথায় ব্যয় হচ্ছে? উৎপাদনশীল খাতে বিনিয়োগ, যেমন শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও প্রযুক্তি খাত দীর্ঘ মেয়াদে অর্থনীতির সক্ষমতা বাড়ায়। অন্যদিকে কম অগ্রাধিকার পাওয়া বা অকার্যকর প্রকল্পে অতিরিক্ত ব্যয় ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিতে পারে। একইভাবে কর–জিডিপি অনুপাত, ভর্তুকির ব্যবহার ও উন্নয়ন ব্যয়ের কার্যকারিতা বিশ্লেষণ করেও বাজেটের প্রকৃত মান সম্পর্কে ধারণা পাওয়া যায়।

শিক্ষা বাজেট ও গ্র্যাজুয়েট বেকারত্বের বাস্তবতা

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো শিক্ষা ও কর্মসংস্থান। শিক্ষা খাতে বড় বরাদ্দ দেওয়া হয়েছে, এ তথ্য শুনলেই সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই; বরং দেখতে হবে সেই অর্থ কীভাবে ব্যয় হচ্ছে। বর্তমানে দেশে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার তুলনামূলকভাবে বেশি। এই পটভূমিতে যদি দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা, গবেষণা, প্রযুক্তি শিক্ষা ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির পরিবর্তে অধিকাংশ অর্থ কেবল অবকাঠামো সম্প্রসারণে ব্যয় হয়, তাহলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে। বাজেট বিশ্লেষণ শিক্ষার্থীদের এ ধরনের কাঠামোগত বৈপরীত্য চিহ্নিত করতে সাহায্য করে।

বাজেট: ভবিষ্যতের ইঙ্গিত

বাজেট শুধু বর্তমান নয়, ভবিষ্যতেরও ইঙ্গিত দেয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বয়স্ক ভাতা, স্বাস্থ্যসেবা কিংবা পেনশনসংক্রান্ত ব্যয়ের প্রবণতা বিশ্লেষণ করলে দেশের জনমিতিক পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায়। বাংলাদেশ ধীরে ধীরে জনমিতিক সুবিধার সময় অতিক্রম করে প্রবীণ জনগোষ্ঠী বৃদ্ধির দিকে এগোচ্ছে। ফলে ভবিষ্যতের অর্থনীতি ও শ্রমবাজার কেমন হবে, সে সম্পর্কেও বাজেট গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

নিজের ক্যারিয়ার পরিকল্পনার জন্যও গুরুত্বপূর্ণ বাজেট

শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের দিকনির্দেশনাও দেয় বাজেট। সরকার যদি তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, দক্ষতা উন্নয়ন, উৎপাদনশিল্প বা রপ্তানিমুখী খাতে বিশেষ প্রণোদনা দেয়, তাহলে বোঝা যায় ভবিষ্যতে এসব খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে। শিক্ষার্থীরা সে অনুযায়ী নিজেদের দক্ষতা ও শিক্ষার ক্ষেত্র নির্বাচন করতে পারেন।

বাজেটকে কেবল সংসদে উপস্থাপিত একটি বার্ষিক দলিল হিসেবে দেখলে চলবে না। এটি রাষ্ট্রের অগ্রাধিকার, উন্নয়ন–দর্শন ও ভবিষ্যৎ অর্থনৈতিক গতিপথ বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। যে শিক্ষার্থী বাজেট বোঝে, সে শুধু অর্থনীতি বোঝে না; সে রাষ্ট্র, সমাজ ও নিজের ভবিষ্যৎ নিয়ে আরও সচেতনভাবে ভাবতে শেখে। তাই বাজেট নিয়ে আলোচনা, প্রশ্ন ও গঠনমূলক সমালোচনায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।