যশোর শহরতলির বিল হরিণা এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রাণবন্ত সাহিত্য আড্ডার আসর বসেছে। যশোর বন্ধুসভার আয়োজনে এই পাঠচক্র অনুষ্ঠিত হয় ৫ জুন বিকেলে গোধূলিলগ্নে। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল লেখক ও সাংবাদিক মনিরুল ইসলামের বই ‘আগামীর সাংবাদিক: কিশোর বয়সেই হাতেখড়ি’।
আলোচনা পর্ব
স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস। এরপর বন্ধু আপন ও মাহির কণ্ঠে সংগীত পরিবেশনা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। সঞ্চালনা করেন বন্ধু নুরুন্নবী হৃদয়। আলোচনা পর্বে আলোচকেরা বইটির ভাষা, বিষয়বস্তু এবং কিশোরদের সাংবাদিকতায় আগ্রহী করে তোলার সক্ষমতার কথা তুলে ধরেন।
মূল আলোচকের মতামত
মূল আলোচক ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন। তিনি বলেন, ‘বইটির লেখক মনিরুল ইসলাম আমার ছাত্র। আজ ছাত্রের লেখা বই নিয়ে আলোচনা করতে এসে আমি গর্বিত। একজন গল্পকার মানুষের মনের খবর বলেন আর একজন সাংবাদিক সত্য–মিথ্যা যাচাই করে সমাজের প্রকৃত খবর তুলে ধরেন। সাহিত্য ও সাংবাদিকতার সংমিশ্রণে মনিরুল বইটি চমৎকারভাবে উপস্থাপন করেছে।’
অন্যান্য আলোচকের বক্তব্য
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেহমান আজিজ বলেন, শুধু সাংবাদিকতায় আগ্রহীদের জন্য নয়, যেকোনো শিক্ষার্থীর জন্যই বইটি অনুসরণীয় ও শিক্ষণীয়। বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন বলেন, বর্তমান প্রজন্মের জন্য এটি অত্যন্ত উপযোগী বই। সাংবাদিকতা করতে গিয়ে নতুন সাংবাদিকেরা যেসব চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মুখোমুখি হন, সে বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে এতে।



