জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মো. আমির হোসেন
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ড. মো. আমির হোসেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিকত্ব ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক। শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, এর মধ্যে যেটি আগে ঘটবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
পূর্ববর্তী ভিসি ড. মোহাম্মদ আমির হোসেন ভুঁইয়া অব্যাহতি
অন্য এক প্রজ্ঞাপনে ড. মোহাম্মদ আমির হোসেন ভুঁইয়াকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অব্যাহতি
পৃথক প্রজ্ঞাপনে ড. এম মাহপুজুর রহমানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ট্রেজারার ড. বোরহান উদ্দিন
অপরদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন ড. বোরহান উদ্দিন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক।
প্রজ্ঞাপনে বলা হয়, ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, এর মধ্যে যেটি আগে ঘটবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও উপাচার্যের অর্পিত দায়িত্ব পালন করবেন।



