চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ৩
চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ৩

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ এড়াতে গিয়ে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।

নিহত চালকের পরিচয়

নিহত চালকের নাম মো. সেলিম (৪০)। তিনি উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার লিয়াকত আলীর ছেলে। তার বাড়ি চন্দ্রঘোনা সুফিগোট্টা এলাকায় হলেও তিনি পরিবার নিয়ে বনগ্রাম এলাকায় বসবাস করতেন।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে লিচুবাগান এলাকা থেকে যাত্রী নিয়ে গ্যাস রিফুয়েলিংয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন সেলিম। পথে কাটাখালী এলাকায় পৌঁছালে সড়কের পাশে ঝুলে থাকা কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বড় গাছ বাতাসে দুলতে থাকে। গাছটি ভেঙে পড়ার আশঙ্কায় সেটি এড়াতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে চালকসহ চারজন গুরুতর আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য যাত্রীরা বর্তমানে আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্বজনদের বক্তব্য

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) নুরুল আফসার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহত সেলিমের শ্যালক মো. আরফাত জানান, মঙ্গলবার বিকেল ৪টায় বনগ্রাম এলাকার স্থানীয় কবরস্থানে জানাজা শেষে সেলিমের মরদেহ দাফন করা হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের জনক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।