নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চার দিন চিকিৎসাধীন থাকার পর এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জোবায়ের (১৮) নামের ওই যুবকের মৃত্যু হয়।
নিহতের পরিচয়
নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি বর্তমানে বন্দরের এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
ঘটনার বিবরণ
জানা গেছে, গত বুধবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। জোবায়ের বাধা দিলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশের অভিযান
এদিকে জোবায়েরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বন্দর থানা পুলিশ অপরাধীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করেছে। পুলিশ একাধিক টিম নিয়ে এনায়েতনগর, শাহী মসজিদ ও খালপাড়সহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে।
বন্দর থানার এসআই মনির হোসেন বলেন, ঘটনার পর থেকেই আমরা জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপরাধী যে-ই হোক, তাদের আইনের আওতায় আনা হবে। ছিনতাইকৃত মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।



