দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধ পুশইন চেষ্টা অব্যাহত রেখেছে। তবে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইস্পাত কঠিন অবস্থান জোর করে বাংলাদেশে লোক ঠেলে দেওয়ার এসব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বিজিবিকে সহযোগিতা করছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন সীমান্তবাসী। দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির সঙ্গে মাঠে দায়িত্ব পালন করছেন গ্রাম পুলিশও।
গাংনী সীমান্তে সাতজনকে ঠেলে পাঠানোর চেষ্টা
শনিবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে বিএসএফ সাতজন নারী-পুরুষ ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। স্থানীয় গ্রামবাসী ও বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত তারা বাংলাদেশে ঢুকতে পারেননি। সীমান্তের কাঁটাতারের কাছেই থমকে যায় তাদের যাত্রা। স্থানীয় সূত্রের দাবি, ওই দলে ছিলেন তিনজন পুরুষ, তিনজন নারী এবং একটি শিশু। বর্তমানে ওই সাতজন ভারতের সীমান্তের ভেতরে কাঁটাতারের পাশে অবস্থান করছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা বাড়িয়েছে বিজিবি। অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকে হ্যান্ডমাইকে প্রচার চালিয়ে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
কুষ্টিয়ায় বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী
কুষ্টিয়া সীমান্ত এলাকায় বিএসএফের একাধিক পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। গত কয়েকদিন ধরে চলা বিএসএফের পুশইন চেষ্টার বিপরীতে সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থানের পাশাপাশি ঢাল হয়ে দাঁড়িয়েছেন স্থানীয় সীমান্তবাসীও। স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় পুলিশ ও বিএসএফ সীমান্তের ওপারে বিভিন্ন হোল্ডিং সেন্টারে নারী, পুরুষ ও শিশুসহ ১০ থেকে ১৫ জন করে একাধিক দল জড়ো করছে। পরে তাদের বিভিন্ন যানবাহনে করে সীমান্তের কাছাকাছি এনে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় তৎপরতা জোরালো করছে। তবে কুষ্টিয়া ৪৭ বিজিবির কড়া নজরদারির কারণে এ ধরনের কোনো চেষ্টাই সফল হতে পারেনি। দৌলতপুর সীমান্তের বাগমারী এলাকার বাসিন্দা বুলবুল ইসলাম বলেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের যে চেষ্টা চলছে, তা আমরা কোনোভাবেই মেনে নেব না। সীমান্তবাসী হিসাবে আমরাও বিজিবির পাশে থেকে সীমান্ত সুরক্ষায় সহযোগিতা করছি। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, পুশইনের চেষ্টা আমরা সফলভাবে প্রতিহত করেছি। এই সংকটকালীন সময়ে সীমান্তে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তারা পালাক্রমে বিজিবির সঙ্গে টহল দিচ্ছেন। দেশ প্রেমের এই অনন্য নজিরের জন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
হিলি সীমান্তে বিজিবির সঙ্গে মাঠে গ্রাম পুলিশ
পুশইন ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির সঙ্গে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন গ্রাম পুলিশ সদস্যরা। শনিবার সকাল থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে। এদিকে দিনাজপুরের হিলির ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিএসএফ। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।
লালমনিরহাট সীমান্ত থেকে ৩২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ
লালমনিরহাটের তিন উপজেলার চার সীমান্ত দিয়ে শুক্রবার পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফ শিশু, নারীসহ ৩২ জনকে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বলে জানিয়েছে বিজিবি। দিনভর সীমান্তের শূন্য রেখার কাছে ভারতীয় অংশে ফেলে রেখে ওই দিন রাতে ও শনিবার সকালে তাদের পুনরায় নিয়ে যাওয়া হয়। ৬১ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে
বিএসএফের পুশইনের ৩ দিন পর চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্য রেখা থেকে ফেরত নিয়ে যাওয়া হয়েছে ২৮ জনকে। তবে সীমানে্তর ভারতীয় অংশে এখনো পড়ে রয়েছে তাদের সঙ্গে আনা জিনিসপত্র। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ঘুঘিয়া আনারপুর সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশইন করে বিএসএফ। বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করলে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ শিশু আন্তর্জাতিক শূন্য রেখায় জঙ্গলে খোলা আকাশের নিচে অবস্থান করে।
পাটগ্রামে ১০ জনকে ফেরত নিল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমানে্ত ১০ ভারতীয় নাগরিককে ঠেলে পাঠানোর বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। ফলে টানা প্রায় ২৫ ঘণ্টা পুশইনের চষ্টোর পর শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কাঁটাতারের গেট খুলে দুই বিএসএফ সদস্য তাদের কাঁটাতারের ভেতরে ফেরত নিয়ে যায়।
পঞ্চগড়ে শূন্য রেখায় ১০ ভারতীয় নাগরিক
পঞ্চগড় সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশ ও ভারতের শূন্যরেখা বরাবর (জিরো পয়েন্টে) ১০ জন ভারতীয় নাগরিককে পুশইন করার অপচেষ্টা রুখে দেওয়ার পর দীর্ঘ ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তারা জিরো লাইনেই অবস্থান করছেন। বিএসএফ এসব নাগরিককে ভারতে ফিরিয়ে নিতে সরাসরি নাকচ করেছে।
ঠাকুরগাঁওয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন
বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করতে ব্যর্থ হওয়া মিশুসহ ১১ জন খোলা আকাশে নিচে রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে। তীব্র গরমে পিপাসায় কাতর হয়ে ভুট্টা খেতের নোংরা পানি পান করছে শিশুরা। বিএসএফের পুশইন তৎপরতার কারণে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত এখন এক চরম মানবিক সংকটের সাক্ষী। ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ শিশুসহ ১১ জনকে শুক্রবার গভীর রাতে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার চষ্টো চালিয়েছে বিএসএফ। যাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। তবে বিজিবির ইস্পাতকঠিন বাধার মুখে বিএসএফের সেই অপচেষ্টা ব্যর্থ হয়।
সিলেটে সীমান্তে মাইকিং, পুশইন প্রতিহত
সিলেট সীমান্তে ভারত থেকে সম্ভাব্য পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও মাইকিং করেছে বিজিবি। শুক্রবার গভীর রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট সীমান্ত এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, উত্মাছড়া সীমান্ত দিয়ে বিএসএফের জোরপূর্বক লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করেছে বিজিবি। এই সীমান্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিককে আটক করার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পুনরায় ভারতে ফেরত পাঠানো হয়েছে।
শেরপুর সীমান্তে পুশইন চেষ্টা নস্যাৎ
শেরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের একটি বড় ধরনের অপচেষ্টা সফলভাবে নস্যাৎ করে দিয়েছে বিজিবি। শুক্রবার জুমার নামাজের সময় একটি সংঘটিত মানব পাচারকারী চক্রের সহায়তায় এই অনুপ্রবেশের প্রচেষ্টা হয়েছিল। স্থানীয় জনগণের সহায়তায় বিজিবি তা ব্যর্থ করে দেয়।



