নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) বিকালে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মুসলেম উদ্দিন ফকির বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণ
মামলায় ছাত্রলীগকর্মী জাহিদুল হাসান ওরফে আকাশ মীরকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ৮০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নারান্দিয়া বাজার এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। পরে রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা
গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার বিশকাকুনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম, পাইলাটি দক্ষিণপাড়া গ্রামের যুবলীগকর্মী আনোয়ার হোসেন তালুকদার এবং কালিহর মাইজপাড়া গ্রামের ছাত্রলীগকর্মী আনোয়ার হোসেন।
মিছিলের ঘটনা ও ভিডিও
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নারান্দিয়া বাজার এলাকায় কয়েক মিনিটের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ছাত্রলীগের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় কয়েকজন নেতা-কর্মীও নিজেদের ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করেন।
নেতৃত্ব ও ব্যানার
মিছিলে নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান (ফাহিম) এবং ছাত্রলীগকর্মী জাহিদুল হাসান। শুক্রবার দুপুরে মুনতাসির মাসুদের ফেসবুক আইডি থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ব্যানারে লেখা ছিল, ‘সংগ্রামই সাহসীদের পরিচয়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে...’। মিছিলে অংশ নেওয়া অনেকের মুখ মাস্ক, তোয়ালে বা কাপড় দিয়ে ঢাকা ছিল।
পুলিশের বক্তব্য
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, "ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হচ্ছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"



