হাজীগঞ্জে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
হাজীগঞ্জে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ অংশে সড়ক অবরোধ করেন তারা।

কমিটি বাতিলের দাবিতে আন্দোলন

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় এবং বিগত সরকারের আমলে হামলা-মামলা ও নির্যাতনের শিকার ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নতুন কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হয়নি। ফলে প্রকৃত কর্মীরা বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তারা। অবরোধ চলাকালে আন্দোলনকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সদ্য ঘোষিত কমিটি বাতিল করে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

বিক্ষোভে নেতাকর্মীদের অংশগ্রহণ

কর্মসূচিতে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদল কমিটির সহ-সভাপতি হান্নান তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে হান্নান তালুকদার বলেন, ‘দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিতভাবে কাজ করা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। আমরা এ কমিটি প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে তা বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যান চলাচল ব্যাহত, পুলিশের হস্তক্ষেপ

সড়ক অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান জানান, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তাদের দাবির বিষয়টি সংশ্লিষ্ট মহলে উপস্থাপনের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপি নেতার প্রতিক্রিয়া

এ বিষয়ে হাজীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী বলেন, ‘পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের অভিযোগ ও দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি মহোদয়ের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

কমিটি ঘোষণা ও অসন্তোষ

উল্লেখ্য, গত সোমবার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১১৩ সদস্যবিশিষ্ট হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের এ বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।