কিশোরগঞ্জের কটিয়াদীতে এক ভবঘুরে মানসিক ভারসাম্যহীন নারী ছেলেসন্তান প্রসব করেছেন। তবে নবজাতকের পিতা কে, এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে মানুষের মাঝে। মা ও নবজাতক সুস্থ রয়েছে।
ঘটনার বিবরণ
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার মধ্যপাড়া বাজারে রোববার রাতে ওই নারী এক ছেলে সন্তানের জন্ম দেন। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে নবজাতককে দত্তক নিতে এলাকার অনেকেই আগ্রহ প্রকাশ করছেন।
মধ্যপাড়া বাজারের ব্যবসায়ীরা জানান, রোববার রাতে অপরিচিত এক ভবঘুরে মহিলাকে বাজারে ঘোরাফেরা করতে দেখা যায়। সোমবার সকালে তার সন্তান প্রসব হয়েছে দেখতে পান লোকজন। এ সময় তার পরিচয় জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে অসংলগ্ন আচরণ করতে থাকে মহিলাটি।
স্থানীয় প্রশাসনের পদক্ষেপ
বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান, মানসিক ভারসাম্যহীন মহিলার সন্তান প্রসবের খবর পেয়ে লোকজন ভিড় জমান। তার কোনো নাম-পরিচয় জানা যায়নি। আমরা তাকে উদ্ধার করে আপাতত একজনের বাড়িতে রেখেছি। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের জানান, প্রসূতি মা ও তার নবজাতক সন্তানের জন্য আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
আইনি প্রক্রিয়া ও দত্তক
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, বিষয়টি আমি জেনেছি। কেউ ইচ্ছা করলেই দত্তক নেওয়ার সুযোগ নেই। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



