ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের বারান্দায় দুই বিএনপি নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি ফুলের টব ভাঙচুর হয়েছে এবং জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী জনি (৩০) আহত হয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণ
রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৫টায় ডিসি অফিসের দোতলার বারান্দায় এই মারপিটের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে ডিসির কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এতে দু’জন মুখোমুখি হলে হাফিজ আজিজুলকে ‘বহিষ্কৃত’ এবং ‘দালাল’ বলে গালি দেয় তোফাজ্জল। এর প্রতিক্রিয়ায় হাফেজ আজিজুল ‘তুই দালাল, তোর বাপ দালাল’ বলে পাল্টা গালি দেন। এ সময় দু’জনের মধ্যে হাতাহাতি এবং চড়-থাপ্পড়ের ঘটনা ঘটে।
পরিস্থিতি শান্ত করার চেষ্টা
একপর্যায়ে হাফিজ আজিজুল ডিসির বারান্দায় থাকা ফুলের টব দিয়ে তোফাজ্জলকে আঘাতের চেষ্টা করেন। এতে ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ডিসির বডিগার্ড (পুলিশ সদস্য) মো. জাকির হোসেন, অফিস সহকারী জনিসহ অন্যান্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এই সময় অফিস সহকারী জনি (৩০) হাতে আঘাতপ্রাপ্ত হন।
প্রতিক্রিয়া
ঘটনার ব্যাপারে জানতে চাইলে হাফেজ আজিজুল হক এবং তোফাজ্জল হোসেন দু’জনেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, হঠাৎ এ ঘটনার সূত্রপাতে আমিসহ উপস্থিত অন্যরাও বিব্রত। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীলদের কাছে কাম্য নয়।



