নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীর বাড়িতে রামদা-কুড়াল হাতে হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নারীসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাতটি রামদা, একটি কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেফতার ও উদ্ধার
রোববার (৭ জুন) ভোরে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সাথী বেগম (৩৮), শামীম (২৫), আরিফ (২৫) ও তার বড় ভাই আসলাম (২৮)। পুলিশ তাদের কাছ থেকে লুটে নেওয়া একটি সাইকেলও উদ্ধার করেছে।
ঘটনার বিবরণ
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, গত বৃহস্পতিবার (৪ জুন) রাত ১০টায় ভোলাইল গেদ্দারবাজার এলাকায় বদরুদ্দীন জামানের বাড়িতে একদল দুস্কৃতিকারী দেশীয় অস্ত্র রামদা, কুড়াল ও চাপাতি হাতে লোহার গেট ও দরজায় কোপাতে থাকে এবং ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ক্ষতিগ্রস্ত পরিবার থানায় ফোন করে অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করে।
মামলা
এ ঘটনায় বদরুদ্দীন জামানের ছেলে হৃদয় বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।



