ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, সাংবাদিকদের পেটানো একটি সর্বজন স্বীকৃত স্বৈরতান্ত্রিক আচরণ। মঙ্গলবার (২৩ জুন) জামায়াতে ইসলামী বাংলাদেশের ঢাকা দক্ষিণের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিনি এই মন্তব্য করেন।
ঘটনার বিবরণ
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংবাদিক পেটানোর ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেন, হামলার শিকার মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া আহত হয়েছেন দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেন। অন্তত ১০ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতিক্রিয়া ও আহ্বান
শেখ ফজলুল করীম মারুফ প্রশাসনের প্রতি আহ্বান রেখে বলেন, যারাই হামলার সঙ্গে জড়িত ছিলো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে; এই ক্ষেত্রে কোন অজুহাত মেনে নেওয়া হবে না। হামলায় যাদের সম্পৃক্ততা দেখা গেছে তারা জামায়াতের নেতা-কর্মী বলেই অনুমান করা যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষা করছি।
জামায়াতের প্রতি আহ্বান
একই সঙ্গে জামায়াতের নেতাদের প্রতি আহ্বান করে তিনি বলেন, দলের কর্মীদের মানসিকতা গঠনে আরো মনোযোগী হোন। সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবার ও প্রতিপক্ষকে দেখে নেওয়ার যে ভয়াবহ মানসিকতা বিস্তার আপনাদের কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে, তা উদ্বেগের বিষয়।



