রাজবাড়ীর গোয়ালন্দে ৬ষ্ঠ শ্রেণির দুই স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মজনু মিয়া (৩৮) নামে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে গোয়ালন্দ বাজার আড়ৎপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে একটি মামলা দায়ের করা হয়।
গ্রেফতার ব্যক্তি ও ঘটনার বিবরণ
গ্রেফতার মজনু মিয়া গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের মসজিদ পাড়ার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ওই দুই ছাত্রী শহরের একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। গতকাল মঙ্গলবার বিকালে স্কুল শেষে বাড়ি ফেরার জন্য তারা স্কুলের সামনে থেকে মজনু মিয়ার অটোরিকশায় ওঠে। পথে আড়ৎপট্টি এলাকায় পৌঁছলে প্রচণ্ড ঝড় শুরু হয়।
ঘটনার পরবর্তী পদক্ষেপ
এ সময় চালক অটোরিকশার পর্দা আটকে দিয়ে রাস্তার একপাশে অবস্থান নেয়। সুযোগ পেয়ে ওই চালক ছাত্রীদের জড়িয়ে ধরে অশোভন আচরণ করতে থাকে। ছাত্রীরা নিজেদের রক্ষায় ঝড়-বৃষ্টির মধ্যে অটোরিকশা থেকে জোর করে নেমে পড়ে এবং অন্য গাড়িতে করে বাড়ি পৌঁছে অভিভাবকদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। বিক্ষুব্ধ অভিভাবকরা স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যার দিকে গোয়ালন্দ বাজার হতে ওই চালককে ধরে থানায় সোপর্দ করে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, দুই স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় এক অভিভাবক নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করে বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।



