বাংলাদেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য কেন নিষিদ্ধ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে এ ধরনের ঘটনা প্রতিরোধে ৯০ দিনের মধ্যে গাইডলাইন ও কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ
রোববার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একটি রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। পিটিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাকিব মাহবুব।
রিটের বিবরণ
এর আগে বাংলাদেশে ঘোড়ার মাংসের অবৈধ ব্যবসা নিষিদ্ধের নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করা হয়। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট এবং অভিনেত্রী ও পশু কল্যাণ কর্মী জয়া আহসান জনস্বার্থে এই রিট দায়ের করেন।
রিট আবেদনে অভিযোগ করা হয়, অসুস্থ প্রাণীকে জালিয়াতির মাধ্যমে মানুষের খাবার হিসেবে বাজারজাত করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পূর্বে আবেদন করার পরও কার্যকর আইনি ব্যবস্থা না নেওয়ায় আদালতের শরণাপন্ন হন আবেদনকারীরা।
রিটে সরকারি মন্ত্রণালয়ে দাখিল করা পূর্ববর্তী অভিযোগগুলোর নিষ্পত্তি, যথাযথ আইনি প্রক্রিয়া শুরু এবং গাজীপুরে উদ্ঘাটিত ঘোড়ার মাংসের অবৈধ ব্যবসার বিষয়ে সময়সীমাবদ্ধ তদন্তের নির্দেশনাও চাওয়া হয়।



