ঢাকার নবাবগঞ্জে এক নৃশংস ঘটনায় ১১ বছরের এক শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান আসামি মঙ্গল (৬০) ও তার স্ত্রী লিপি বেগমকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ও মামলার বিবরণ
আসামিরা ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী-শান্তিনগর গ্রামের বাসিন্দা। র্যাব জানায়, গত ৫ ফেব্রুয়ারি শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ভিকটিম বিষয়টি পরিবারের কাছে জানালে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এরপর র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেফতার করে।
আইনানুগ ব্যবস্থা
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বুধবার দুপুরে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।



