জাপানে ভিসা দেওয়া বেড়েছে ৯ শতাংশ, বাড়ছে ফিও
জাপানে ভিসা দেওয়া বেড়েছে ৯ শতাংশ, বাড়ছে ফিও

করোনা মহামারির পর জাপানের পর্যটন খাত ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। ভিসা দেওয়ার পরিমাণ বাড়িয়েছে দেশটি। ২০২৫ সালে জাপানের দূতাবাস, কনস্যুলেট ও কনস্যুলার কার্যালয়গুলো মোট ৭৮ লাখ ৬২ হাজার ৬০টি ভিসা ইস্যু করেছে। ২০২৪ সালের তুলনায় তা প্রায় ৯ শতাংশ বেশি। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সর্বোচ্চ ৮২ লাখ ৭৭ হাজার ৩৪০ ভিসা দেওয়া হয়েছিল। মহামারির কারণে ২০২১ সালে তা কমে মাত্র ৯০ হাজার ৩০৬-এ নেমে এসেছিল।

ভিসা পাওয়ার শীর্ষ দেশ

২০২৫ সালে জাপানের ভিসা সবচেয়ে বেশি পেয়েছেন চীন, ফিলিপাইন ও ভিয়েতনামের নাগরিকেরা। মোট ইস্যুকৃত ভিসার ৮৪ শতাংশই পেয়েছেন তাঁরা। এককভাবে চীনারা পেয়েছেন ৭৩ শতাংশ। দক্ষিণ কোরিয়া দশম ও রাশিয়া ষষ্ঠ অবস্থানে রয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে মতবিরোধ থাকা সত্ত্বেও জাপান ১ লাখ ৭০ হাজার রুশ নাগরিককে ভিসা দিয়েছে। ভারত চতুর্থ স্থানে আছে; ২ লাখ ৬৫ হাজারের বেশি ভারতীয় ভিসা পেয়েছেন। নেপালের অবস্থান সপ্তম। প্রথম দশটি দেশের মধ্যে বাংলাদেশ নেই।

ভিসা ফি ও স্থায়ী বসবাসের ফি বাড়ছে

গত শুক্রবার জাপানের মন্ত্রিসভার বৈঠকে ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৭৮ সালের পর ৪৮ বছরের মধ্যে এই প্রথম এমন পদক্ষেপ নিল জাপান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেন, ‘মুদ্রাস্ফীতি ও বিনিময় হারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে এই পরিবর্তন করা হলো।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন নিয়ম অনুযায়ী, একবার প্রবেশযোগ্য ভিসার ফি ৩ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন করা হয়েছে। একাধিকবার প্রবেশযোগ্য ভিসার ফি ৬ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩০ হাজার ইয়েন করা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী মাস থেকে কার্যকর হবে। এছাড়া বহির্গমন কর তিন গুণ বেড়ে ১ হাজার ইয়েন থেকে ৩ হাজার ইয়েন হয়েছে। এই খরচ জাপানি ও বিদেশি উভয়ের জন্য প্রযোজ্য। তবে জাপানিদের জন্য পাসপোর্টের ফি কমানোর কথা ভাবছে সরকার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থায়ী বসবাসের আবেদন ফিও বাড়ছে। গত মাসে জাপানের সংসদের উচ্চকক্ষে একটি বিল পাস হয়, যার ভিত্তিতে স্থায়ী বসবাসের আবেদন ফি ১০ হাজার ইয়েন থেকে বেড়ে ২ লাখ ইয়েন হতে যাচ্ছে। জাপান সরকারের যুক্তি, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশে ভিসা ফি তুলনামূলক অনেক বেশি, তাই সমন্বয়ের বিকল্প নেই।

ভিসা নীতিতে কড়াকড়ি

ভিসাসংক্রান্ত নিয়মকানুনের ব্যাপারে সম্প্রতি কড়া অবস্থান নিয়েছে জাপান। বিদেশি নাগরিকসংক্রান্ত নীতি তদারককারী মন্ত্রী কিমি ওনোদা দায়িত্ব নেওয়ার পর আইনভঙ্গকারী বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে দেশটি। মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বা ভিসার শর্ত ভঙ্গকারী বিদেশিদের বিরুদ্ধে জোরালো অভিযান চলছে। বিদেশিদের জাপানের ভাষা, সংস্কৃতি ও সামাজিক নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

ভিসার অপব্যবহারের অভিযোগ বিবেচনায় নিয়ে গত বছরের অক্টোবর থেকে ‘বিজনেস ম্যানেজার’ ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। আবেদনকারীদের ৩ কোটি ইয়েন মূলধন থাকার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, যা আগে ৫০ লাখ ইয়েন ছিল।