বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বেইজিংয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর
বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন দেশটিতে সফররত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। চীনের পক্ষে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সিনহুয়া নিউজ এজেন্সি’ এবং ‘চায়না মিডিয়া গ্রুপ’ (সিএমজি)-এর প্রধানরা চুক্তিতে স্বাক্ষর করেন।
চারটি সমঝোতা স্মারকের বিস্তারিত
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকগুলোর আওতায় বাংলাদেশ এবং চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপক্ষীয় সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, আধুনিক প্রযুক্তির পারস্পরিক ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সম্প্রসারিত হবে।
সম্পর্ক জোরদারে প্রত্যাশা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সমঝোতা স্মারকগুলো দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং গণমাধ্যম ও তথ্য খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফর ও তথ্যমন্ত্রীর অংশগ্রহণ
প্রধানমন্ত্রীর সরকারি সফরে যুক্ত হতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গত ২৩ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী ২৬ জুন রাতে প্রতিনিধিদলসহ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।



