বিজেপি টাকা দিয়ে বুথফেরত জরিপ দেখাতে বাধ্য করেছে: মমতা
বিজেপি টাকা দিয়ে বুথফেরত জরিপ দেখাতে বাধ্য করেছে: মমতা

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই দফা ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপে বিজেপি এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেলেও মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি টাকা দিয়ে বুথফেরত জরিপে নিজেদের পক্ষে ফল দেখাতে বাধ্য করেছে।

মমতার অভিযোগ

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় মমতা বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, টেলিভিশনে যা দেখানো হচ্ছে, তা বিজেপি অফিস থেকেই গতকাল (বুধবার) বেলা ১টা ০৮ মিনিটে ছড়িয়ে দেওয়া হয়েছে। টাকা দিয়ে বলা হয়েছে, যেন এভাবেই ফল দেখানো হয়।’ তিনি আরও দাবি করেন, ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস অন্তত ২২৬টি আসনে জয় পাবে।

নির্বাচনী সহিংসতার অভিযোগ

মমতা নির্বাচন চলাকালে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের বিরুদ্ধে ‘যৌথ নির্যাতনের’ অভিযোগ তোলেন। তিনি বলেন, তৃণমূলের কর্মীদের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করা হয়েছে। ভোটার ও দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রচণ্ড রোদ উপেক্ষা করে, নানা ধরনের নির্যাতন সহ্য করেও আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও অভিযোগ করেন, ‘বিজেপি ইডি, সিবিআইসহ বিভিন্ন সংস্থাকে ভয় দেখায়। কেন্দ্রীয় বাহিনী গতকাল (বুধবার) যে আচরণ করেছে, নতুন নিয়োগ পাওয়া কিছু পুলিশ সদস্য নারী ও শিশুদের ওপরও হামলা চালিয়েছে। উদয়নরায়ণপুরে ভোট দিতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।’

বুথফেরত জরিপ নিয়ে বিতর্ক

মমতা বলেন, ‘বিজেপি সংবাদমাধ্যমকে ব্যবহার করে শেষ চেষ্টা করেছে, যাতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যায়। আসল ফল প্রকাশ পেলে শেয়ারবাজারে ধস নামতে পারে— এই আশঙ্কা থেকেই এমনটা করা হয়েছে।’ তিনি দাবি করেন, ২০১৬ ও ২০২১ সালেও একই ঘটনা ঘটেছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে বিভিন্ন বুথফেরত জরিপ প্রকাশ পেতে শুরু করে, যেখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন।