যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাদ জোহর বেলা ২টায় টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
একই সঙ্গে তিনি জানান, লিমনের মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে লিমনের সঙ্গে নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে এটি উদ্ধার করা হয়। তবে বৃষ্টির বিষয়ে এখন পর্যন্ত আর কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান গোলাম মোর্তোজা।
প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি ও বৃষ্টি একসঙ্গে নিখোঁজ হন।
এই হত্যাকাণ্ডে লিমনের রুমমেট ২৪ বছর বয়সী মার্কিন তরুণ হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রথম শ্রেণির দুটি হত্যার অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে।



