যুক্তরাষ্ট্রের একটি আদালত দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা ব্রিসতিকে হত্যার সন্দেহে গ্রেপ্তার হিশাম সালেহ আবুঘারবিহের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। টাম্পা বে ২৮-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আদালতের নির্দেশনা
হিলসবরো কাউন্টির বিচারক লোগান মারফি মঙ্গলবার এই আদেশ দেন। সংক্ষিপ্ত শুনানিতে বিচারক আসামিকে কোনো সাক্ষী বা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ দেন।
আসামির বিরুদ্ধে অভিযোগ
আদালতের নথি অনুযায়ী, আবুঘারবিহের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যা ও অস্ত্র সংক্রান্তসহ অন্যান্য অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে, তবে প্রসিকিউটররা এখনো মৃত্যুদণ্ড চাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি।
আসামি শুনানিতে উপস্থিত ছিলেন না। পাবলিক ডিফেন্ডার জেনিফার স্প্র্যাডলি সোমবার জানান, তার অফিস এ মামলা সম্পর্কে কোনো মন্তব্য করবে না।
শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ
এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনা দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের টাম্পা ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেক শিক্ষার্থী তাদের সহপাঠীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন, বিশেষ করে যারা ক্যাম্পাসের বাইরে থাকেন।



