মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার ফলে হোয়াইট হাউজের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। সোমবার (২৭ এপ্রিল) ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে ওয়াশিংটন ডিসির একটি আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে দুইটি আগ্নেয়াস্ত্র বহন সংক্রান্ত অপরাধের অভিযোগও আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে আদালতে অ্যালেন কোনো স্বীকারোক্তি দেননি।
ঘটনার বিবরণ
এর আগে, গত শনিবার ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি ডিনারের আয়োজন করা হয়েছিল। সাংবাদিক ও রাজনীতিকদের অংশগ্রহণে প্রতিবছরই এই নৈশভোজের আয়োজন করা হয়। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। হঠাৎ সেখানে গুলির শব্দ শোনা যায়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ঘটনাস্থল থেকেই কোল টমাস অ্যালেনকে আটক করা হয়। পরে সোমবার তাকে আদালতে হাজির করা হয়।
আদালতে হাজিরা
জানা যায়, হাজিরার সময় নীল রঙের টি-শার্ট ও প্যান্ট পরা ছিলেন অ্যালেন। আদালতে আনা-নেওয়ার সময় তার হাত পেছনে হাতকড়া দিয়ে বাঁধা ছিল। এই বিষয়ে সরকারি কৌঁসুলি জোসেলিন ব্যালান্টাইন আদালতে বলেন, 'তিনি (অ্যালেন) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছেন।' এদিকে ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা অ্যালেনের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো— নিজ অঙ্গরাজ্যের সীমানা পেরিয়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহন ও সহিংস অপরাধ সংঘটনের সময় অস্ত্র ব্যবহার। ওয়াশিংটনে একটি শটগান ও তিনটি ছুরি নিয়ে এসেছিলেন অ্যালেন জানিয়ে ব্যালান্টাইন বলেন, আদালতের নথিতে আরও বলা হয়েছে, তার কাছে একটি রক আইল্যান্ড আর্মারি ১৯১১.৩৮ মডেলের আধা-স্বয়ংক্রিয় পিস্তলও ছিল।
আইনজীবীর বক্তব্য
এই বিষয়ে অ্যালেনের আইনজীবী তেজিরা আবে বলেন, তার মক্কেলের বিরুদ্ধে আগে কোনো গ্রেপ্তার বা দণ্ডিত হওয়ার রেকর্ড নেই। এদিকে অ্যালেনের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জিনিন পিরো। তথ্যসূত্র: বিবিসি বাংলা



