গুলশানে ভারতীয় নারীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা, ময়নাতদন্তের নির্দেশ
গুলশানে ভারতীয় নারীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

রাজধানীর কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গুলশান থানার বারিধারায় এক ভারতীয় নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বারিধারা পার্ক রোডের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে ওই নারীর স্বাভাবিক মৃত্যু হয়েছে, নাকি তাকে হত্যা করা হয়েছে— তা নিয়ে দ্বিধায় পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

পুলিশ বলছে, ওই নারীর পিঠে কয়েকটি কালচে দাগ রয়েছে। এ কারণে তারা সন্দেহ করছেন, ওই নারীকে হত্যা করাও হতে পারে। বিষয়টি নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ তথ্য জানিয়েছেন, গুলশান থানার এসআই আব্দুল আলীম। তিনি বলেন, ময়না তদন্তের রিপোর্টেই আসল ঘটনা স্পষ্ট হবে। রিপোর্ট আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ জানায়, বারিধারা পার্ক রোডের ৩৪/৩৬ নম্বরে ১৫ তলা ভবনের ৫-বি নম্বর ফ্ল্যাটে ছেলে, ছেলের বউসহ পুরো পরিবার নিয়ে থাকতেন ভারতের কাশ্মিরের বাসিন্দা শামীম সালিম কাসিম (৬৭)। তার ছেলে ঢাকায় বিশ্ব ব্যাংকে কর্মরত। মঙ্গলবার সকালে ছেলে তার মাকে বাসার ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শামীম সালিম কাসিমকে মৃত ঘোষণা করেন। পরে বেলা ১১টার দিকে পুলিশ খবর পেয়ে হাসপাতালে যায়। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনাস্থলে আসা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মৃত নারীর মুখ ও পিঠে দাগ থাকায় সন্দেহ হচ্ছে। সেই কারণে সন্দেহ দূর করতে ময়না তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অপমৃত্যু মামলা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ