হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। একইসঙ্গে আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেছে দেশটি। মঙ্গলবার রাতে ঢাকায় ইরান দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে ইরানের প্রতিশ্রুতি
বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক রিপাবলিক অব ইরান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের এই দীর্ঘস্থায়ী ভ্রাতৃসুলভ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
ইরান বাংলাদেশ সরকার ও জনগণের সমর্থনের জন্য প্রশংসা জানিয়েছে। ‘যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকের অবৈধ আগ্রাসনের’ ফলে সৃষ্ট যুদ্ধে যেসব বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন, তাদের জন্য গভীর শোক প্রকাশ করেছে দেশটি। সেইসঙ্গে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
কূটনৈতিক বৈঠক ও সহযোগিতার ক্ষেত্র
আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ড. খতিবজাদেহর মধ্যে অনুষ্ঠিত বৈঠককে স্বাগত জানিয়েছে দূতাবাস। দুই দেশের কর্মকর্তাদের মধ্যকার গঠনমূলক ও ফলপ্রসূ উদ্যোগগুলো আন্তরিকভাবে এগিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সংলাপ ও কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক অবস্থানের প্রশংসা করেছে ইরান।
শোকবার্তা ও মানবিক সহায়তার প্রশংসা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে ‘ইসলামি বিপ্লবের নেতা’ ও ‘মুসলিম উম্মাহর নেতা’ উল্লেখ করে তিনি নিহত হওয়ার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো শোকবার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে দূতাবাস। ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিকে একটি উল্লেখযোগ্য ও ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে প্রশংসা করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তেরও প্রশংসা করা হয়েছে। এই মানবিক উদ্যোগ দুই দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্ববোধেরই প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে।
ভুল বোঝাবুঝি এড়ানোর আহ্বান
সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে এমন কোনো কর্মকাণ্ড বা বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইরান দূতাবাস। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি হিসাবে পারস্পরিক শ্রদ্ধার চেতনা বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের নির্বাচিত অংশ বিশেষভাবে প্রচার করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে দূতাবাস। এই সাক্ষাৎকারগুলো নির্দিষ্ট কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে পুনঃপ্রকাশিত হওয়ায় দুঃখ প্রকাশ করা হয়েছে।
দূতাবাসের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। ভুল ও খণ্ডিত বক্তব্য উপস্থাপনকে দায়িত্বশীল সংবাদপত্রের নীতির পরিপন্থি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইরান দূতাবাস তাদের বিবৃতিতে পুনরায় জোর দিয়ে বলেছে যে, তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। এই নীতি দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের মৌলিক ভিত্তি হিসেবে কাজ করছে।



