সংসদে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াত এমপির
সংসদে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াত এমপির

জাতীয় সংসদের আজকের অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান দেশে সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘জাকাতভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে।’

বাজেট আলোচনায় জামায়াত এমপির প্রস্তাব

আজ রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মুজিবুর রহমান এ কথা বলেন। তিনি বিভিন্ন মাজহাবের আলেমদের সমন্বয়ে একটি কমিটি গঠন এবং জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তার মতে, জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে এ দুটি পদক্ষেপ জরুরি।

ইসলামী ব্যাংক প্রসঙ্গ

জামায়াত এমপি দাবি করেন, বাংলাদেশে সুদ বন্ধ করে ইসলামী অর্থনীতি চালুর একটি প্রচেষ্টা ইসলামী ব্যাংক করেছিল। কিন্তু ‘শকুনের দৃষ্টি’ ইসলামী ব্যাংকের ওপর পড়ায় এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে। তিনি পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন আয়াত উল্লেখ করে ঋণ ও সুদের কুফল তুলে ধরেন। বলেন, ‘আল্লাহ–তায়ালা সুদকে ধ্বংস করেন এবং জাকাত ও সাদকাকে বৃদ্ধি করেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক উদাহরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের প্রসঙ্গ টেনে মুজিবুর রহমান বলেন, মালয়েশিয়ায় সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার ও পাকিস্তানের নাম উল্লেখ করেন, যারা জাকাতভিত্তিক অর্থনীতি ও সুদ বন্ধের চেষ্টা করছে।

সুদ ছাড়া অর্থনীতির সম্ভাবনা

মুজিবুর রহমান বলেন, ‘ইসলামী ব্যাংক যখন ঠিকমতো চলছিল, তখন বড় বড় সুদি ব্যাংক বাংলাদেশে ছিল। তারা যখন দেখল, এই সুদির কারবার চলছে না, তখন প্রতিটা ব্যাংক তারা ইসলামিক কাউন্টার খুলেছিল। এটা প্রমাণ করে বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি চলতে পারে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাকাত মন্ত্রণালয়ের প্রস্তাব

ঠিকমতো জাকাত আদায় করা গেলে দুই লাখ কোটি টাকা আসতে পারে মন্তব্য করে জামায়াত এমপি দেশে জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান। তিনি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রসঙ্গ টেনে বলেন, ‘জনগণের হাতে কাজ দিন। জনগণ কার্ড চায় না, কাজ চায়। এই জাতিকে দারিদ্র্য থেকে মুক্ত করতে চায়।’