দেশে ইমাম-মুয়াজ্জিন সংখ্যা ৬ লাখ ৬২ হাজার হতে পারে: ধর্মমন্ত্রী
ইমাম-মুয়াজ্জিন সংখ্যা ৬ লাখ ৬২ হাজার হতে পারে

জাতীয় সংসদে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) জানিয়েছেন, দেশে বর্তমানে কতজন ইমাম ও মুয়াজ্জিন কর্মরত, তার সুনির্দিষ্ট কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে ২০০০ সালের হিসাব অনুযায়ী দেশে মসজিদের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ১২৫টি। সেই হিসাবে ইমাম ও মুয়াজ্জিনের সংখ্যা ৬ লাখ ৬২ হাজার ২৫০ হতে পারে।

সংসদে প্রশ্নোত্তর পর্ব

বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১১টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান। দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

ইমাম-মুয়াজ্জিন ভাতা ও প্রকল্প

ধর্মমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। বর্তমানে ১২ হাজার ৮১০ জন এ ভাতার আওতায় আছেন। এছাড়া ১৯৯৩ সালে বিএনপি সরকারের সময় চালু হওয়া ইসলামিক ফাউন্ডেশনের ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়)’ প্রকল্প বর্তমানে সারা দেশে সম্প্রসারণ করা হয়েছে। প্রকল্পের ডিপিপি সংশোধনের সময় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর প্রস্তাব করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হিন্দু ও খ্রিষ্টধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম

একই প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ বর্তমানে ষষ্ঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত। তবে খ্রিষ্টধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীন এ ধরনের কোনো প্রকল্প না থাকায় কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মডেল মসজিদ নির্মাণ

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ প্রকল্পের আওতায় মোট ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩৪২টির নির্মাণকাজ শেষ হয়েছে এবং ১৮৬টির কাজ চলমান। বাকি মসজিদগুলোর কাজ ২০২৮ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

হজযাত্রী সংখ্যা

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৮ হাজার ৬০০ জন কম হজযাত্রী সৌদি আরবে গেছেন। চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন।

নারী ও যুবসমাজের জন্য কর্মসূচি

সংরক্ষিত আসনের সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, নারী ও যুবসমাজের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং জঙ্গিবাদবিরোধী সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি চালানো হচ্ছে। ধর্মীয় নেতা, ইমাম, খতিব ও শিক্ষকদের মাধ্যমে সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও উগ্রবাদবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও উদ্বুদ্ধকরণমূলক নানা কর্মসূচির মাধ্যমে নারী ও তরুণদের সম্পৃক্ত করা হয়েছে। নতুন প্রকল্প নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত ও বাজেট বরাদ্দের ওপর নির্ভর করবে।

মন্দিরভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ

ধর্মমন্ত্রী আরও বলেন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারা দেশে ৭ হাজার ৪০০টি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এবং পুরোহিত-সেবাইত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

শিক্ষকদের সম্মানী বৃদ্ধি

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মাসিক সম্মানী বর্তমানে ৬ হাজার টাকা। ডিপিপি অনুযায়ী ধাপে ধাপে তা বাড়িয়ে ২০২৯-৩০ অর্থবছরে ৭ হাজার ৫০০ টাকা করা হবে।

ওয়াক্ফ সম্পত্তি উদ্ধার

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, অ-তালিকাভুক্ত ওয়াক্ফ সম্পত্তি তালিকাভুক্ত করা, আদালতে মামলা এবং ওয়াক্ফ অধ্যাদেশ, ১৯৬২-এর ৬৪ ধারার আওতায় জেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে এসব সম্পত্তি উদ্ধার করা সম্ভব। গত এক বছরে অবৈধ দখলদারদের কাছ থেকে ১৫১ দশমিক ১৭৯৫ একর ওয়াক্ফ সম্পত্তি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে গত এক বছরে সরকারি তালিকাভুক্ত ওয়াক্ফ সম্পত্তি ও সনাতন ধর্মাবলম্বীদের দেবোত্তর সম্পত্তির কতটুকু বাস্তবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেননি ধর্মমন্ত্রী।