ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (৬ জুন) দিবাগত রাত থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নিষেধাজ্ঞার বিস্তারিত
শুক্রবার (৫ জুন) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানায়। এতে বলা হয়, রোববার (৭ জুন) সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে নির্দিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার আওতাধীন এলাকা
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত ময়মনসিংহ রোড, বাংলামোটর লিংক রোড থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকা, পান্থপথ থেকে ফার্মগেট পর্যন্ত অংশ, মিরপুর রোডের শ্যামলী থেকে ধানমন্ডি-১৬ সংযোগস্থল, রোকেয়া সরণি থেকে বিজয় সরণি পর্যন্ত এলাকা, ইন্দিরা রোড থেকে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত, পাশাপাশি জাতীয় সংসদ ভবন ও এর সংরক্ষিত এলাকা এবং সংশ্লিষ্ট সব সড়ক ও গলিপথ।
সময়কাল
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।



