উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার
উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা–১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, উন্নয়নমূলক কাজের মান নিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। শুক্রবার (১৫ মে) সকালে নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামে রাস্তা উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

কাজের মান ও সময় বাঁধার নির্দেশ

কায়সার কামাল বলেন, উন্নয়নমূলক কাজের টেন্ডারে যে শর্ত দেওয়া হয়, প্রতিটি কাজে সেসব শর্ত যথাযথভাবে মেনে চলতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। চলমান সব কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করবেন। প্রয়োজনে তিনি নিজেও পরিদর্শনে যাবেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

তিনি আরও বলেন, 'সবার আগে বাংলাদেশ'—কাজের মান নিয়ে কাউকে ছাড় নয়। আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেবো না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্প

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে দুর্গাপুর, কুল্লাগড়া ও গাঁওকান্দিয়া ইউনিয়নে ২ কিলোমিটার রাস্তা হেরিংবোন করণ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ টাকা।

সততা ও দায়িত্ববোধের গুরুত্ব

কায়সার কামাল বলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের দায়িত্ববোধের মাধ্যমে কর্তব্যকর্ম সুচারুরূপে সম্পাদনের ফলে সমাজ সমৃদ্ধি লাভ করে। আবার দায়িত্বহীনতার কারণে উন্নয়নমূলক কাজ ক্ষতিগ্রস্ত হয় এবং সমাজে অবক্ষয় সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, মানুষ যদি সততা, সৃজনশীলতা, সৌন্দর্যবোধ এবং পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে কাজ করে, তাহলে সমাজ দ্রুত এগিয়ে যাবে। সমাজ থেকে দুর্নীতি রুখতে সাধারণ মানুষ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তিনি সেই ভোটের মূল্য রাখবেন বলে অঙ্গীকার করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত ব্যক্তিবর্গ

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ সাদাত, সহকারী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, থানার ওসি খন্দকার সাকের আহমেদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।