বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে নকআউট পর্বে উঠে চমক সৃষ্টি করা কেপ ভার্দের অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ব্রাজিলিয়ান এক নারী এই অভিযোগ এনেছেন এবং নিউজিল্যান্ড পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে নিশ্চিত করেছে।
অভিযোগের বিবরণ
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে চলতি বছরের মার্চ মাসে। ফিফা সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গিয়েছিল কেপ ভার্দে দল। সেখানে একটি ব্রাজিলিয়ান নারীকে নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন দোভাষী হিসেবে নিয়োগ দেয়। ওই নারী অভিযোগ করেন, ২৭ মার্চ অকল্যান্ডের একটি হোটেলে মেন্ডেস তাকে ধর্ষণ করেন। তিনি জানান, একটি কাজের বৈঠকের নামে তাকে ডেকে আনা হয় এবং পরে তার কক্ষে ফিরে গেলে মেন্ডেস সেখানে প্রবেশ করে শারীরিক নির্যাতন ও ধর্ষণ চালান।
চিকিৎসা ও ফরেনসিক প্রমাণ
ভুক্তভোগী জানান, ফরেনসিক ও মেডিকেল রিপোর্টে তার শরীরে আঘাতের স্পষ্ট আলামত পাওয়া গেছে। তিনি চিকিৎসা ও ফরেনসিক প্রমাণাদি দিয়ে ফিফা এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন। নিউজিল্যান্ড পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এখনো কোনো আনুষ্ঠানিক চার্জশিট গঠন করা হয়নি।
আইনি নোটিশ ও ফেডারেশনের অবস্থান
গত ১০ মে ভুক্তভোগী ও তার স্বামী ফিফা এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে মেন্ডেসকে বহিষ্কারের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠান। ফিফা জানিয়েছে, তারা নিউজিল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। অন্যদিকে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন বা মেন্ডেস কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি। তবে গ্লোবো একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রকাশ করে যেখানে কেপ ভার্দে ক্যাম্পের এক কর্মকর্তা ভুক্তভোগীকে জানান, বিষয়টি রায়ানের ‘ব্যক্তিগত সমস্যা’ এবং তাদের কিছুই করার নেই।
নিউজিল্যান্ড পুলিশ ও ফিফার প্রতিক্রিয়া
নিউজিল্যান্ড পুলিশ নিশ্চিত করেছে, গত এপ্রিল থেকে তদন্ত চলছে। দেশটির ফুটবল ফেডারেশন বিবৃতিতে বলেছে, ‘আমরা বুঝতে পারছি যে এই ব্যাপারটায় নিউজিল্যান্ড পুলিশ সংশ্লিষ্ট। তাই এই পরিস্থিতি নিয়ে আরও বেশি সঠিক মন্তব্য তারাই করতে পারবে।’ ফিফা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।



