রাজধানীর ভাটারা বিজয়পত্র বাঁশতলা এলাকায় ভাড়া বাসায় মোছা. শিরিন সুলতানা (৩৩) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া মৃতের স্বামী মামুন মোর্শেদ জানান, পাঁচ বছর আগে সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে স্ত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন।
তিনি আরও জানান, আজ দুপুরে তিনি নামাজ পড়তে যান। ফিরে এসে দেখেন মেইন গেট বন্ধ। অনেক সময় ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে বাড়িওয়ালার কাছ থেকে মেইন গেটের চাবি নিয়ে ভেতরে ঢুকে দেখেন রুমে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন শিরিন।
উদ্ধার ও হাসপাতালে নেওয়া
পরে বাড়িওয়ালার সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এম জেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মর্গে রাখা ও তদন্ত
মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পে দায়িত্বরত শাহবাগ থানার এসআই মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মোছা. শিরিন সুলতানা নারায়ণগঞ্জ সদর নয়াপাড়া গ্রামের মামুন মোর্শেদের স্ত্রী। তার বাবার নাম মৃত আব্দুল কাদের এবং গ্রামের বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ভূইয়াবাড়ী গ্রামে। বর্তমানে ভাটারা বিজয়পত্র বাঁশতলা এলাকায় স্বামী-স্ত্রী দুজন ভাড়া বাসায় থাকতেন।



