চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়িপেটায় মো. শাহাদাত (৩০) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহাদাত সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে। তিনি চার সন্তানের জনক।
হামলার বিবরণ
এর আগে রবিবার দিবাগত রাত ১১টার দিকে সাতকানিয়ার রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে তার ওপর হামলা করে মুখোশধারী দুর্বৃত্তরা। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাতের একটি চায়ের দোকান রয়েছে। রাতে তিনি নিজের দোকানে বসে ছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ১৫ সদস্যের একদল মুখোশধারী সন্ত্রাসী দোকানে ঢুকে শাহাদাতের মাথায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে মৃত্যু হয়।
পারিবারিক অভিযোগ
শাহাদাতের বড় ভাই মোবারক হোসেন বলেন, ‘কয়েক মাস আগে আমাদের এলাকা থেকে ইয়াবাসহ লোহাগাড়া উপজেলার এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছিল যৌথ বাহিনী। ওই সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার পেছনে তার লোকজন আমার ভাইকে সন্দেহ করতো। হত্যায় তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে।’
জামায়াতের প্রতিক্রিয়া
উপজেলা জামায়াতের আমির কামাল উদ্দিন শাহাদাতকে দলের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশের বক্তব্য
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘নিহতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা আছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’



