আধিপত্য বিস্তার ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটন নিহত: ডিবি
আধিপত্য বিস্তার ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটন নিহত

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) শফিকুল ইসলাম। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

ডিবির বক্তব্য

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, আপনারা জানেন, সে (টিটন) নিজেও একজন শীর্ষ সন্ত্রাসী ছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এলাকার আধিপত্য বিস্তার ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কারা জড়িত তা আমরা তদন্ত করছি। যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে মোহাম্মদপুরের বসিলার গরুর হাঁট নিয়ে দ্বন্দ্ব ছিল এবং এ ঘটনায় পিচ্চি হেলাল ও কাইল্লা বাদলসহ অনেকের নাম উল্লেখ রয়েছে কিনা জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, মামলা হয়েছে। বাদী যাদের নাম উল্লেখ করেছেন, আমরা কাজ করছি। আধিপত্য নিয়ে দ্বন্দ্ব ছিল। আপনারা জানেন সামনে কোরবানি, গরুর হাঁট নিয়েও দ্বন্দ্ব ছিল। এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা উদঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাট ইজারা ও ভবিষ্যৎ পদক্ষেপ

হাট ইজারাকে কেন্দ্র করে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে কিনা এবং প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। হাঁটকে কেন্দ্র করে যেন কোনোভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানো হবে।

বিদেশে বসে হত্যার নির্দেশনা দেওয়া হচ্ছে কিনা এবং এ বিষয়ে ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অতীতে এমন কর্মকাণ্ড অনেকেই করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় বিদেশে অবস্থানরত কারও সংশ্লিষ্টতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যাদের এমন অপরাধের সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণে দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি দেওয়া হবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টিটনের পরিচয় ও পূর্ব ইতিহাস

এদিকে হত্যাকাণ্ডের পর অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ৫২ বছর বয়সী টিটন দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সে কারামুক্ত হয়। সে ঢাকার রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় আধিপত্য বিস্তার করতো। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনা

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেটের ১ নম্বর গেট ও শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে টিটন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে টিটনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানকার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।