কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে ধাওয়া দিয়ে ৪৫ জনকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রদল। রবিবার (০৭ জুন) দুপুরে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মিছিলের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের বহন করা তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি যানবাহনে করে আসা শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী হঠাৎ মহাসড়কে নেমে মিছিল শুরু করেন। মিছিলের খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে ধরে ফেলেন। এ সময় মিছিলকারীদের বহনকারী কয়েকটি যানবাহন জব্দ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৪৫ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে ওই মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইস্রাফিল পিয়াস। মিছিলটিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
ছাত্রদলের প্রতিক্রিয়া
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, 'নিষিদ্ধ ছাত্রলীগের অপকর্ম ঠেকাতে প্রস্তুত আছে ছাত্রদল। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে তাদের ধরে পুলিশে দিয়েছি।'
পুলিশের বক্তব্য
কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, 'ছাত্রলীগের একটি মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করা হয়েছে। মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে। আমাদের অভিযান এখনও চলমান। ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।'



