প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে লেখা কালেমাসহ সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে। সচিবালয়ে (৩০ জুন) এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
পতাকা টানানোর ঘটনা খতিয়ে দেখা হবে
উপদেষ্টা বলেন, এর পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। কেননা এটা বিদেশে বাংলাদেশের জন্য ভালো বার্তা দেয় না। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে সেবা নেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে এতে সরকারের রাজনৈতিক অংশ ও সরকারি কর্মকর্তা দুই অংশের দায় আছে।
দুর্নীতি ফৌজদারি অপরাধ
জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই দুর্নীতি করেছে তা বলবো না। আবার তারা যে অন্য দুর্নীতি করেনি সেটাও বলবো না। উপদেষ্টা বলেন, দুর্নীতি ফৌজদারি অপরাধ। এটা তামাদি হয় না। অনেক বছর পরও এর তদন্ত করা যায়।
দুদককে স্বাধীনভাবে তদন্তের নির্দেশ
উপদেষ্টা বলেন, দুদককে বলবো কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তা স্বাধীনভাবে তদন্ত করবে। সরকার সেখানে বাধা দেবে না।



