যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসরের পরিবারের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত এই উপহারসামগ্রী হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা-মা।
উপহার প্রদান
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হলের সামনে আন নাসরের বাড়িতে গিয়ে এই উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার শিশুটির পরিবারের হাতে তুলে দেন।
প্রধানমন্ত্রীর সফর
জানা গেছে, গত সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী সফরে যশোরে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন দুপুরে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার পথে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন। সে সময় ফুল হাতে শিশু আন নাসরকে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বাস থেকে নেমে তাদের কাছে যান। তিনি তাদের সঙ্গে ছবি তোলেন এবং কিছু সময় কাটান। সফর শেষে ফিরে গিয়েও প্রধানমন্ত্রী সেই শিশুর কথা মনে রেখেছেন এবং বাড়িতে উপহার পাঠিয়েছেন; এতে আবেগপ্রবণ হয়ে পড়েন আন নাসরের বাবা-মা।
পরিবারের প্রতিক্রিয়া
শিশুটির মা আফরোজ খানম নিলিমা প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘এই অনুভূতি প্রকাশ করার মতো না। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার সন্তানের জন্য উপহার এতটা সম্মানপ্রাপ্তি- কোনও কিছুর যোগ্য আমরা নই। আমি খুবই সাধারণ একজন মানুষ, এটা আমাদের জন্য অন্যরকম একটা সম্মান এবং প্রাপ্তির যা কোনোভাবেই ব্যক্ত করার মতো না। প্রধানমন্ত্রী আমার সন্তানকে দেখে ওনার হৃদয়ের সফ্ট কর্নার থেকে বাস থেকে নেমে আসেন। আমি কোনোভাবেই কল্পনা করিনি প্রধানমন্ত্রী আমার সন্তানকে দেখে বাস থেকে নেমে আসবেন।’
শিশুটির বাবা সাজেদুর রহমান পাপ্পু বলেন, ‘যখন শুনলাম প্রধানমন্ত্রী ইনস্টিটিউটে আসবেন। তো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীকে দেখার জন্য সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিল আমার স্ত্রী। সেই স্বপ্ন থেকে আজকে আরেকটা স্বপ্নের মতো ঘটনা ঘটলো, প্রধানমন্ত্রীর যখন আমার সন্তানের উপহার পাঠিয়েছেন। এটা আমার জীবনের একটা প্রাপ্তি।’



