হাসিনাকে ফেরানোর শপথ: যুবলীগ নেতা গ্রেফতার, মামলায় ২৫০ আসামি
হাসিনাকে ফেরানোর শপথ: যুবলীগ নেতা গ্রেফতার, মামলায় ২৫০ আসামি

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে মামলাটি হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমান আলীকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করার পর আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছেন।

মামলার বিবরণ

মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। তবে মামলার বাদীর নাম প্রকাশ না করে একজন সংক্ষুব্ধ ব্যক্তি মামলাটি করেছে বলে জানিয়েছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম।

শপথ অনুষ্ঠান

জানা যায়, গত রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার চর কালকিনি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মোমবাতি জ্বালিয়ে এই শপথ গ্রহণ করেন। সোমবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ভেরিফাইড ফেসবুক পেজে শপথের একটি ভিডিও প্রচার করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিডিওতে শনাক্ত

২ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজ দেখে ইতোমধ্যে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- চরকালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভাণ্ডারী। স্থানীয় নেতা আবদুস শহীদ, আলাউদ্দিন, ফয়সাল, মো. রনি, ফিরোজ আলম, আবুল কাশেমসহ অনেকে।

স্থানীয় প্রতিক্রিয়া

এদিকে মামলা ও গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চরমার্টিন ইউনিয়নের সাধারণ মানুষ ও পাঠকদের একাংশের দাবি, শপথের ঘটনা ঘটেছে কালকিনি ইউনিয়নে, অথচ গ্রেফতার করা হয়েছে পাশের চরমার্টিন ইউনিয়নের মেম্বার ইমান আলীকে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্তব্য করেন, ঘটনা ঘটল এক ইউনিয়নে, আর ধরা হলো অন্য ইউনিয়নের মেম্বারকে। শুধু রাজনৈতিক পরিচয়ে গ্রেফতার না করে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা প্রয়োজন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ বিষয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। একজন সংক্ষুব্ধ ব্যক্তির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, তবে খোঁজখবর নিয়ে দেখবেন।