নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফল উৎসবের জন্য তৈরি প্যান্ডেল ও মঞ্চ ভাংচুর এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। রোববার (৭ জুন) রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি বাদী হয়ে এ মামলা করেন।
মামলার বিবরণ
রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকার আব্দুল কাদিরের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদসহ (৩৮) ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করে রুপগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়।
গ্রেফতার ও এলাকার পরিস্থিতি
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জাকির হোসেনের ছেলে নিলয় (২১) ও আমজাদ হোসেনের ছেলে রাজু মিয়াকে (১৯) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি, হাটাবো, কালনী, দাসেরকান্দীসহ আশপাশের গ্রামে পুরুষশূন্য হয়ে পড়েছে। নারী ও শিশুরা রয়েছে আতঙ্কে।
হামলার ঘটনা
পুলিশ জানায়, গতকাল শনিবার রূপগঞ্জ উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসব অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আসার আগেই হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর করা হয়। হামলাকারীরা ফল উৎসবের নির্মিত প্যান্ডেল, চেয়ার, টেবিল ও মঞ্চ ভাংচুর করে। এছাড়া তারা মঞ্চে থাকা চারটি সাউন্ডবক্স, মাইক, মাইকের ব্যাটারি ও মৌসুমী ফল লুটপাট করে নিয়ে যায়।
আহত ও পুলিশের বক্তব্য
হামলায় আহত রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি (২৭), যুগ্ম আহ্বায়ক রাবেয়া আক্তার (২৫), নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল রাজ (৪০), সদস্য (দপ্তর সেল) সাখাওয়াত হোসেন তারেককে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এজাহারনামীয় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে; তবে ঘটনায় জড়িত নয় এমন কাউকে পুলিশ গ্রেফতার করবে না।



