ফেনীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার
ফেনীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার

ফেনীর ধর্মপুর ইউনিয়নের দেয়ানগঞ্জ–সংলগ্ন মঠবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ হোসেন (৩২)। তিনি ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ চন্দনা গ্রামের মো. ইসহাকের ছেলে। হোসেন ফেনী শহরের সালাউদ্দিন মোড় এলাকার মেসার্স ফিরোজ অটোপার্টস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও পুলিশের তথ্য

প্রত্যক্ষদর্শীর বরাতে রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি ট্রেনটি ফেনী স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাচ্ছিল। মঠবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় মোহাম্মদ হোসেন ট্রেনটিতে কাটা পড়েন। তাঁর খণ্ডবিখণ্ড দেহ প্রায় এক কিলোমিটার দূরেও ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) মোহাম্মদ হোসেনের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ব্যবসায়ী কল্যাণ সমিতির বক্তব্য

ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, ‘নিহত ব্যবসায়ী আমাদের সদস্য ছিলেন। সমিতির পরিচয়পত্র দেখে তাঁর লাশ শনাক্ত করা হয়। নিহত ব্যবসায়ীর ব্যবসায়িক কিছু দেনা-পাওনা ছিল। তিনি ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে কেন রেলপথের ওই অংশে গেলেন, সে বিষয়টি এখনো জানা যায়নি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও তদন্ত

ফেনী স্টেশনে নিয়োজিত রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ওই যুবকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধারের ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ