ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার স্টার লাইন সিএনজি পাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের পরিচয়
নিহতরা হলেন- চট্টগ্রামের ভুজপুর থানার সিকদারখীল গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ট্রাকের হেলপার আহসানুল ইসলাম (১৫) এবং পথচারী ফেনী সদর উপজেলার মধ্যম কাছাড় গ্রামের ছন্দু মিয়ার ছেলে মির হোসেন (৪৫)। আহত পথচারী সুমনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ফেনী সদর উপজেলার কাছাড় গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে।
দুর্ঘটনার বিবরণ
মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, চট্টগ্রামমুখী একটি মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার এবং দুই পথচারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের পদক্ষেপ
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। পুলিশ চালককে ধরতে তৎপরতা চালাচ্ছে।



